Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ হামলা থেকে উদ্ধারের পর সিক্রেট সার্ভিসের প্রশংসা করলেন ট্রাম্প

হামলা থেকে উদ্ধারের পর সিক্রেট সার্ভিসের প্রশংসা করলেন ট্রাম্প

11
0

Source : BBC NEWS

ঘটনার পর ব্রিফ করেছেন ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters

মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এনবিসি নিউজকে জানিয়েছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের নৈশভোজে গুলির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারাই ছিলেন সম্ভাব্য টার্গেট’।

পুলিশ বলছে, নৈশভোজ চলাকালে ওয়াশিংটন হিল্টন এর একটি নিরাপত্তা চেকপয়েন্টের কাছে বন্দুকধারী গুলি চালায়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, ৩১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি কোল টোমাস অ্যালেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্দুকধারী প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করেছিলেন। এফবিআই এর অপরাধ বিভাগ এবং সন্ত্রাসবাদবিরোধী টাস্কফোর্স ঘটনার তদন্ত করছে।

নিরাপত্তাকর্মীরা দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না”।

রোববার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, গুলি চালানোর ঘটনায় ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যরা ‘একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন’।

হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট ওয়েইজিয়া জিয়াং এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপ হাজারো অতিথিকে রক্ষা করেছে। ভবিষ্যতে কী করা হবে, তা নিয়ে সংগঠনের বোর্ড বৈঠক করবে।

ওদিকে রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সন্দেহভাজনের মনে ‘অনেক দিন ধরেই ঘৃণা ছিল’ এবং তার পরিবারও তার সমস্যার বিষয়ে জানত। তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তির একটি ‘ম্যানিফেস্টো’ ছিল এবং তিনি ‘খুবই খ্রিস্টানবিরোধী’ ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পবিরোধী পোস্টের ইতিহাস রয়েছে।

রবার্ট এফ কেনেডিকে সরিয়ে নেওয়ার দৃশ্য

ছবির উৎস, Getty Images

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে ওয়াশিংটন হিল্টনের লবিতে গুলির শব্দ শোনা যায়। তখন নীচতলার বলরুমে নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল।

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্পকে সরিয়ে নেওয়ার কিছুক্ষণ আগেই সিক্রেট সার্ভিস এজেন্টরা ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে সরিয়ে নিচ্ছেন—যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন।

রোববার এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সরিয়ে নিতে চাইলেও সেটি তিনি সহজে করত দেননি।

তিনি বলেন, “আমি দেখতে চেয়েছিলাম কী হচ্ছে… কী চলছে। তখনই আমরা বুঝতে শুরু করি, বিষয়টা হয়তো গুরুতর সমস্যা। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাকে নিচে মেঝেতে শুয়ে পড়তে বলেন। ট্রাম্প তার নিরাপত্তা দলকে ‘দারুণ’ বলে প্রশংসা করেন”।

কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী মনে করে, সন্দেহভাজন ব্যক্তি গুলি চালিয়েছিল। সে গুলিবিদ্ধ হয়নি, তবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

অতিথিরা টেবিলের নীচে আশ্রয় নিয়েছিলেন

ছবির উৎস, Reuters

পুলিশ জানায়, তার কাছে দুটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি ছুঁড়ি ছিল।

সিবিএস নিউজ একটি নথি দেখেছে যেখানে বলা হয়েছে, হামলাকারী ট্রাম্প প্রশাসনের সদস্যদের ‘সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত’ লক্ষ্য করতে চেয়েছিল।

যদিও অতিথি ও হোটেল কর্মীরা তার মূল লক্ষ্য ছিল না, তবুও প্রয়োজন হলে কর্মকর্তাদের কাছে পৌঁছাতে তাদের ওপরও হামলা করার পরিকল্পনা ছিল।

বিবিসি নিউজ স্বাধীনভাবে এই নথির সত্যতা যাচাই করতে পারেনি। এটিকে একটি ‘ম্যানিফেস্টো’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং হামলার আগে এটি সন্দেহভাজনের পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত বিবিসির কয়েকজন সাংবাদিক গুলির শব্দের পর ব্যাপক বিভ্রান্তিকর পরিস্থিতির কথা জানিয়েছেন।

বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক প্রধান সংবাদদাতা জানান যে তিনি ‘বিস্ফোরণের মতো শব্দ’ শুনেছিলেন।

তিনি বলেন, “কয়েক মুহূর্তের মধ্যেই আমার মনে হয়েছিল—এটা আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের, ভারী ধরনের শব্দ।”

সন্দেহভাজন কোল টমাস অ্যালেন

ছবির উৎস, LinkedIn

ঘটনার পর পুরো অনুষ্ঠানস্থল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর ঘোষণা দেওয়া হয় যে অনুষ্ঠানটির সময় পরে ঠিক করা হবে। এরপর অতিথিদের নিরাপদে বের করে দেওয়া হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সিবিএস নিউজকে জানান, তদন্তকারীরা ধারণা করছেন সন্দেহভাজন ব্যক্তি ট্রেনে করে লস এঞ্জেলস থেকে শিকাগো এবং এরপর ওয়াশিংটন ডিসিতে আসে।

কোল অ্যালেন নিজেকে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গেম ডেভেলপার এবং শিক্ষক হিসেবে লিংকডইনে পরিচয় দিয়েছেন। তিনি টরেন্স শহরের বাসিন্দা। তার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার তাকে ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হবে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, একজন ফেডারেল কর্মকর্তার ওপর হামলা এবং সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ।

হামলার পর হোয়াইট হাউসে ব্রিফ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন। তিনি বলেন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সবাই সিক্রেট সার্ভিসের কাছে ‘অপরিসীম কৃতজ্ঞতায় ঋণী’।

তার নিজের প্রেসিডেন্সির দুই মেয়াদে তিনি বহুবার গণমাধ্যমের সমালোচনা করলেও, এদিন ট্রাম্প সাংবাদিকদের ‘দায়িত্বশীল প্রতিবেদন’-এর জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত।”

সন্দেহভাজন ব্যক্তির বাড়ি তল্লাশি  করছে এফবিআই

ছবির উৎস, Getty Images

এই ঘটনাকে কেন্দ্র করে তিনি হোয়াইট হাউসে নতুন একটি বলরুম নির্মাণের পক্ষে তার যুক্তিও জোরদার করেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “সামরিকভাবে সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন বলরুম থাকলে এই ঘটনা ঘটত না। এটি এখন নির্মাণাধীন”।

তবে এই প্রকল্পটি নিয়ে নানা আইনি চ্যালেঞ্জ রয়েছে।

এটি ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয়বারের মতো হত্যাচেষ্টার হুমকি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

২০২৪ সালের জুলাইয়ে বাটলারে এক সমাবেশে তার কানে গুলি ছুঁয়ে যায় এবং একই বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচ-এ তার গলফ ক্লাবের ঝোপে লুকিয়ে থাকা এক সন্দেহভাজন বন্দুকধারীকে দেখা যায়।

প্রেসিডেন্ট হিসেবে এই প্রথমবার হোয়াইট হাউস করেসপন্ডেন্ট নৈশভোজে অংশ নেন তিনি।

এর আগে তিনি ২০১১ সালে একজন সাধারণ নাগরিক হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ব নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিবৃতি দিয়েছেন।