Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ ওয়াশিংটনের নৈশভোজে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে

ওয়াশিংটনের নৈশভোজে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে

4
0

Source : BBC NEWS

২৭ এপ্রিল, ২০২৬ তারিখে ওয়াশিংটন ডিসি-তে বিচার বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বক্তব্য রাখছেন। পাশে আরো দুই জন

ছবির উৎস, Anadolu via Getty Images

ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।এছাড়া ওই ঘটনার ফলে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে ওয়াশিংটন ডিসির একটি আদালতে হাজির করা হয়।

তার বিরুদ্ধে দুইটি আগ্নেয়াস্ত্র বহন সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে। তবে মি. অ্যালেন আদালতে কোনো স্বীকারোক্তি দেননি।

প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে একটি নিরাপত্তা চৌকি ভেঙে ঢোকার সময় তার কাছে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি পাম্প অ্যাকশন শটগান এবং তিনটি ছুরি ছিল।

ওয়াশিংটনের হিলটন হোটেলে হওয়া ওই হামলার সময় সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট গলিবিদ্ধ হলেও গুরুতরভাবে আহত হননি।

দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সোমবার আদালতে হাজির হওয়ার সময় নীল রঙের জাম্পস্যুট পরা ছিলেন ওই সন্দেহভাজন। এতে তার নামের একটি ট্যাগও ছিল। এ সময় তাকে শান্ত দেখাচ্ছিল।

বিচারকের করা প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরই তিনি স্বল্পকথায় দিয়েছেন। হয় “হ্যাঁ, ইয়োর অনার” অথবা “না, ইয়োর অনার” বলছিলেন।

নিজের বয়স জানান তিনি এবং তার একটি মাস্টার্স ডিগ্রি রয়েছে বলেও জানান।

নিরাপত্তা বাহিনী ইউএস মার্শাল সার্ভিসের তিনজন সদস্য তার পেছনে এবং একজন তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

আর এই মামলার প্রসিকিউটর এবং ওয়াশিংটনের ইউএস অ্যাটর্নি জেনিন পিরো তা দেখছিলেন।

শনিবার রাতের ওই ঘটনার সময় গুলির শব্দ শোনার সাথে সাথেই ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মন্ত্রিসভার সদস্য এবং হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তাদের ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুম থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

গুলির ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি

ছবির উৎস, Donald Trump/Truth Social

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে হোটেলের বেসমেন্টের অনুষ্ঠানস্থলের ঠিক ওপরের তলার একটি নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সিক্রেট সার্ভিসের একজন অফিসারের বুকে গুলি লেগেছিল, তবে বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি বেঁচে গেছেন।”

“গুলিবিদ্ধ হওয়ার পরও ওই বীর কর্মকর্তা অ্যালেনকে লক্ষ্য করে পাঁচবার গুলি ছোঁড়েন। গুলি তার গায়ে না লাগলেও মাটিতে পড়ে যান তিনি এবং দ্রুত তাকে গ্রেফতার করা হয়,” বলেন মি. ব্লাঞ্চে।

ব্লাঞ্চে জানান, ধারণা করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি তার শটগান থেকে অন্তত একবার গুলি ছুঁড়েছিলেন।

তবে এটা এখনো স্পষ্ট নয় যে, সিক্রেট সার্ভিস এজেন্ট কী সন্দেহভাজন ব্যক্তির গুলিতে নাকি অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে পড়েছেন।

সিক্রেট সার্ভিসের ওই এজেন্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অপরাধে সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে, এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে অপরাধ করার উদ্দেশ্যে অস্ত্র বহন এবং সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার।

এই দুই অপরাধের প্রতিটিতেই সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

আগামী বৃহস্পতিবার সন্দেহভাজন ব্যক্তিকে আবারো আদালতে হাজির করার কথা রয়েছে।

গুলির ঘটনার পর সরিয়ে নেওয়া হচ্ছে ট্রাম্পকে

ছবির উৎস, Reuters

প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি বেশ কয়েকটি অঙ্গরাজ্যের সীমানা পার হয়েছিলেন বলে জানতে পেরেছে আদালত।

কর্মকর্তারা জানান, গত ২১শে এপ্রিল লস অ্যাঞ্জেলসের টরেন্স শহরের বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে শিকাগো যান সন্দেহভাজন ব্যক্তি।

এরপর ২৪শে এপ্রিল শিকাগো ছাড়েন তিনি এবং ওয়াশিংটনে পৌঁছান। সেখানে অনুষ্ঠানটির আগের রাতে হিলটন হোটেলে ওঠেন তিনি।

ক্যালিফোর্নিয়ার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেছেন সন্দেহভাজন ব্যক্তি।

লস অ্যাঞ্জেলেসের পাসাডেনা ইউনাইটেড রিফর্মড চার্চের অনুসারী ছিলেন এই ব্যক্তি।

ফেডারেল নির্বাচনী তহবিল সংগ্রহের রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমালা হ্যারিসের সমর্থনে ডেমোক্রেটিক পার্টির একটি রাজনৈতিক কমিটিতে ২৫ ডলার দান করেছিলেন অভিযুক্ত ব্যক্তি মি. অ্যালেন।

সোমবারের সংবাদ সম্মেলনে মি. পিরো জানান, হামলার আগে পরিবারের কাছে তার পাঠানো লেখা থেকে বোঝা যায়, মন্ত্রিসভার যত বেশি সম্ভব উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করাই ছিল সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য।

একটি হলফনামা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তার আত্মীয়দের লিখেছিলেন, “প্রশাসনের কর্মকর্তারা… আমার টার্গেট, সর্বোচ্চ পদমর্যাদা থেকে সর্বনিম্ন স্তরের পদমর্যাদা অনুযায়ী।”

“টার্গেট বা লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর জন্য যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে আমি এখানে থাকা প্রায় সবার ওপর দিয়েই যাব,” হলফনামায় তিনি লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অ্যালেনকে আটকে রাখার আবেদন জানিয়ে প্রসিকিউটররা যুক্তি দিয়েছেন, প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার এই অভিযোগটিকে টেরোরিজম বা সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যেতে পারে।

ঘটনার পর ব্রিফ করেছেন ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters

তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন মি. পিরো।

বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, মি. অ্যালেন তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা করছেন না।

প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার তৃতীয় এই প্রচেষ্টার পর তদন্ত কর্মকর্তারা প্রেসিডেন্টের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করছেন।

ওয়াশিংটন হিলটনের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ছিল কি না এ বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কেন পরিচয়পত্র দেখাতে বলা হয়নি এবং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ অন্য সবাই কেন একই জায়গায় জড়ো হয়েছিলেন।

সোমবারের সংবাদ সম্মেলনে ব্লাঞ্চে দাবি করেন, অনুষ্ঠানটি সুরক্ষিত রাখতে “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়নি।”

তিনি উল্লেখ করেন, একটি বিষয় পরিষ্কার হওয়া উচিত, বন্দুকধারী এক তলা দূরে ছিলেন এবং “তার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মাঝে শত শত ফেডারেল এজেন্ট নিয়োজিত ছিলেন।”

এই ওয়াশিংটন হিলটন হোটেলেই ৪৫ বছর আগে জন হিঙ্কলি জুনিয়র তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে হত্যার চেষ্টা করেছিলেন।

এই হোটেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সিক্রেট সার্ভিসের নিরাপত্তার নির্দেশনা মেনেই কাজ করছে।

হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, সিক্রেট সার্ভিসের নেতৃত্বের ওপর “আস্থা রাখছেন” ট্রাম্প।

সিক্রেট সার্ভিস হলো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’র একটি শাখা, যারা উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত।

এছাড়া হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস এই সপ্তাহে “বড় অনুষ্ঠানগুলোর প্রোটোকল ও কর্মপন্থা নিয়ে আলোচনা করতে” একটি বৈঠক করবেন বলেও ওই কর্মকর্তা।

সোমবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, শনিবারের নিরাপত্তা ব্যবস্থা “সফলভাবে কাজ করেছে” বলে বিশ্বাস করেন ট্রাম্প। তিনি এই রাজনৈতিক সহিংসতার জন্য ডেমোক্র্যাটদের বাগাড়ম্বরকে দায়ী করেন।

এদিকে, সোমবার থেকে চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

ট্রাম্প আশ্বাস দিয়েছেন, যুক্তরাষ্ট্রে “সম্পূর্ণ নিরাপদ” থাকবেন রাজা।

এদিকে, বাতিল হওয়া হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনার পুনরায় আয়োজনের জন্য প্রেসিডেন্টের নিরাপত্তা দলকে প্রস্তুতি নিতে হবে।

সোমবার ফক্স নিউজকে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, আগামী ৩০ দিনের মধ্যে ট্রাম্পের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে “আমরা পুরোপুরি প্রস্তুত থাকবো”।

একইসঙ্গে “আমার ধারণা তখন নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন হবে”।

এই বার্ষিক নৈশভোজের জন্য নতুন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। সাধারণত এই আয়োজনের প্রস্তুতি নিতে কয়েক মাস সময় লেগে যায়।