Source : BBC NEWS

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট শুরুর আগে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
রাতে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ এনেছেন।
এসব অভিযোগের মধ্যে ছিল- নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট দেওয়া, এবং হিন্দু ভোটারদের হুমকি দেওয়া।
এছাড়া দলটির নির্বাচনী কমিটির মুখপাত্র মাহদি আমিন তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন “পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, ভুয়া ব্যালট ও সিল, কারচুপি, জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। শতাধিক কেন্দ্রে একদিন আগে থেকেই তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকান্ডের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেফতার হয়েছেন, এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে”।
ওদিকে নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার রাত সোয়া ১২টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল, এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি, নাশকতার পরিকল্পনা, কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ তুলে ধরেছেন তিনি।
ইসলামী আন্দোলনও নির্বাচনের আগ মুহূর্তে কিছু রাজনৈতিক দল অতীতের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে।
বুধবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকার রূপগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, বরগুনাসহ বিভিন্ন জেলায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলটি বলছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে যে দলটির আমির যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসন ঢাকা ১৫- তে কে বা কারা জামায়াতের বিরুদ্ধে কিছু ফটোকার্ড বা লিফলেটের মতো প্রিন্ট করে বিভিন্ন এলাকাতে দিচ্ছেন।
দলটির অভিযোগ এসব ফটোকার্ড বা লিফলেটে জামায়াতের পক্ষ থেকে মানুষকে টাকা দেয়া হচ্ছে এবং বিকাশ নম্বর চাওয়া হচ্ছে – এ সংবলিত মিথ্যা তথ্য ছাড়ানোর অভিযোগ তোলা হয়েছে দলটির পক্ষ থেকে।
বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার দুপুরে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
ওদিকে নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
সিইসি তার ভাষণে বলেন, “সবাই স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন”।



