Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ পত্রিকা: ‘আরও পাঁচ সিটিতে দলীয় লোক বসাল সরকার’

পত্রিকা: ‘আরও পাঁচ সিটিতে দলীয় লোক বসাল সরকার’

11
0

Source : BBC NEWS

পত্রিকা

২ ঘন্টা আগে

পড়ার সময়: ৭ মিনিট

সরকার বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে বিএনপির পাঁচ নেতাকে নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ শনিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়রের ক্ষমতা ও দায়িত্বও পালন করবেন।

নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে রয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে এখন পর্যন্ত ১১টি সিটি করপোরেশনে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে বসানো হলো। নবনিযুক্ত প্রশাসকেরা শনিবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজকের পত্রিকা
নিউ এইজ

নিউ এইজ পত্রিকার খবর- Fuel oil dealers threaten strike from tomorrow অর্থাৎ জ্বালানি তেলের সংকটের মধ্যেই ধর্মঘটের হুমকি পেট্রোল পাম্প মালিকদের।

অকটেন ও ডিজেলের সরবরাহ ঘাটতির অভিযোগে আগামীকাল থেকে সারা দেশে ধর্মঘটের হুমকি দিয়েছেন পেট্রোল পাম্প মালিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা। গত ৬ মার্চ থেকে সরকার যে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা চালু করেছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত সপ্তাহে সংবাদ সম্মেলনে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছিল বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার রাজশাহী ও খুলনার আঞ্চলিক পেট্রোল পাম্প মালিক সমিতিগুলোও সম্ভাব্য দেশব্যাপী ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে।

এ বিষয়ে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শনিবার জানান, রেশনিং ব্যবস্থা নিয়ে আজ নতুন সিদ্ধান্ত জানানো হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন রেশনিং ব্যবস্থা চালু করে। বর্তমানে এই ব্যবস্থায় পিকআপ ও স্থানীয় বাসগুলোকে প্রতিদিন ফিলিং স্টেশন থেকে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

নয়া দিগন্ত

খুলনাসহ দেশের অন্তত ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে শনিবার সকাল আটটা থেকে তারা পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখেন।

খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে চারটি ব্যবসায়ী সংগঠনের নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দাবি, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ লাখ লিটার।

ব্যবসায়ীরা জানান, প্রতিটি ডিপো থেকে অন্তত দেড় লাখ লিটার করে সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সেই প্রস্তাব না মানায় তারা স্বেচ্ছায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছেন। এদিকে রাজশাহী জেলা পেট্রল পাম্প মালিক সমিতিও দাবি না মানলে আজ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে।

বণিক বার্তা

দেশে নিবন্ধিত বাস ও মিনিবাসের সংখ্যা ৮৬ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ২৯ হাজারের বয়স ২০ বছর বা তার বেশি বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা জেলায়ই রয়েছে ১০ হাজার ৫৫৬টি পুরনো বাস ও মিনিবাস, আর সারা দেশে রয়েছে আরও ১৮ হাজার ২০৫টি। এছাড়া দেশে মেয়াদোত্তীর্ণ পণ্যবাহী যানবাহনের সংখ্যাও ৪৬ হাজারের বেশি।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এসব পুরনো যানবাহনের একটি বড় অংশ ঈদযাত্রায় সড়কে চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। ব্যস্ত সড়কে হঠাৎ বিকল হয়ে এসব যানবাহন যানজট ও বিশৃঙ্খলারও কারণ হতে পারে বলে তাদের আশঙ্কা।

বিশেষজ্ঞদের মতে, একটি বাণিজ্যিক বাসের অর্থনৈতিক আয়ুষ্কাল সাধারণত ১০ থেকে ১৫ বছর হলেও বাংলাদেশে তা ২০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও এসব যানবাহনের চলাচল বন্ধ করতে না পারাকে তারা সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন। তাদের মতে, শুধু ঈদ নয়, সারা বছরই মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারি থাকা প্রয়োজন।

যুগান্তর

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ছাড়াই আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় ২ হাজার ৫৯৪ জনকে নিয়োগ দিতে গিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। পাশাপাশি সংস্থাটির চাকরিবিধি উপেক্ষা করে ১০ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার তথ্যও সামনে এসেছে।

এসব অনিয়মের সঙ্গে ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস ছালাম ব্যাপারী এবং উপব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযুক্ত আব্দুস ছালাম ব্যাপারী সম্প্রতি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আদালত তার ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ওয়াসায় জনবল নিয়োগের আগে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন প্রয়োজন হয় কিনা তা এই মুহূর্তে তার মনে নেই। এছাড়া একজন কর্মকর্তা-কর্মচারীকে একাধিক দায়িত্ব দেওয়ার বিধান ওয়াসার প্রবিধানে আছে কিনা সে বিষয়েও তিনি নিশ্চিত নন বলে জানান।

প্রথম আলো

জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হচ্ছে। প্রস্তাবগুলো বাস্তবায়নে আজ রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য। না হলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। অন্যদিকে সরকারি দল বিএনপি বলেছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে, আজ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার শেষ দিন। নির্বাচনে জয়ী ব্যক্তিরা একই দিন দুটি শপথ নেওয়ার কথা। একটি সংসদ সদস্য হিসেবে; অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল গত ১৭ ফেব্রুয়ারি। ওই দিন দুটি শপথের প্রস্তুতি রেখেছিল সংসদ সচিবালয়। জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী দলের সদস্যরা দুটি শপথই নিয়েছেন। কিন্তু বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

মানবজমিন

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নিয়ে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে। সংস্কৃতি বিষয়ক

মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের অনুদানের তালিকা পর্যালোচনা করে এমন তথ্য উঠে এসেছে। মানবজমিন গত কয়েকদিন অনুসন্ধান চালিয়েও অভিযোগের সত্যতা মিলেছে।

অনুদানের একটি নথি পর্যালোচনা করে দেখা গেছে, অস্তিত্বহীন নামসর্বস্ব থিয়েটারের নামে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন উপদেষ্টা ফারুকী।

ওই নথিতে দেখা গেছে, সংস্কৃতি মঞ্জুরি খাত থেকে চারু শিল্প ও থিয়েটারের জন্য ফারুকী সারা দেশের তিন শতাধিক প্রতিষ্ঠানকে ২ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকা অনুদান দেন। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান রাজধানীতে।

সেই প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকটিতে সরজমিন গিয়ে দেখা গেছে, নথিতে উল্লেখ করা ঠিকানায় কোনো কার্যক্রম বা সাইনবোর্ড নেই।

টাইমস অফ বাংলাদেশ

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার খবর – Uneven enforcement: Bus chaos fuels disorder অর্থাৎ ঢাকার সড়কে বাসের বিশৃঙ্খলা, আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগ।

ঢাকার ব্যস্ত সড়কগুলোতে মাঝরাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো প্রায় নিয়মিত ঘটনা। এতে পেছনে দীর্ঘ যানজট তৈরি হলেও অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশ বাসগুলোকে শুধু এগিয়ে যেতে ইশারা করেন, জরিমানা করেন না। তবে একই স্থানে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল চালকেরা ট্রাফিক আইন ভাঙলে দ্রুত জরিমানার মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে সরেজমিন পর্যবেক্ষণ, যাত্রীদের অভিজ্ঞতা এবং সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ট্রাফিক আইন প্রয়োগে এক ধরনের বৈষম্য রয়েছে। বিশেষ করে গণপরিবহন অনেক সময় শাস্তি এড়িয়ে যাচ্ছে।

শাহবাগ মোড়েও একই চিত্র দেখা যায়। সেখানে নির্ধারিত বাসস্টপ থাকা সত্ত্বেও অনেক বাস মাঝরাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়, ফলে দ্রুত যানজট তৈরি হয়। ট্রাফিক পুলিশ অনেক সময় লেজার লাইট বা ব্যাটন দিয়ে বাসগুলোকে সরে যেতে ইশারা করেন এবং বাস চলে যাওয়ার পর তারা মূলত যানজট কমানোর দিকেই মনোযোগ দেন, আইনভঙ্গের জন্য শাস্তি দেওয়ার ঘটনা তুলনামূলকভাবে কম দেখা যায়।

কালের কণ্ঠ

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা পেলেও অবসরের এককালীন টাকা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আবেদন করার চার বছর পরও তারা সেই টাকা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে জীবনের শেষ সময়ে আর্থিক সংকটে পড়ছেন অনেকে, এমনকি টাকা না পেয়ে অসুস্থতা ও দুঃখ কষ্টের মধ্যে অনেক শিক্ষক মারা যাওয়ার ঘটনাও ঘটছে বলে শিক্ষকরা জানান।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন তুলনামূলকভাবে কম এবং তাদের জন্য আলাদা পেনশন সুবিধাও নেই। তাই অবসরের এককালীন অর্থই তাদের প্রধান ভরসা হিসেবে বিবেচিত হয়। কিন্তু সেই অর্থ পেতে দেরি হওয়ায় অবসর জীবনে চরম অনিশ্চয়তার মুখে পড়ছেন শিক্ষক কর্মচারীরা।

দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও আগের সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষকরা আশা করছেন, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে এবং প্রয়োজনে আগামী বাজেটে এই খাতে বিশেষ বরাদ্দ দিয়ে সমস্যার সমাধান করবে।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Govt likely to relax fuel purchase caps from today অর্থাৎ ঈদযাত্রার চাপে জ্বালানি কেনার সীমা শিথিলের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় যানবাহনের জন্য জ্বালানি কেনার সীমা আজ থেকে শিথিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে ও পরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হবে এবং মহাসড়কের সব ফিলিং স্টেশন ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শাইখ রাবিউল আলম বলেছেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এবং ফিলিং স্টেশনগুলোর ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও ঈদের আগে লাখো মানুষ শহর ছেড়ে নিজ নিজ বাড়ির পথে রওনা হচ্ছেন।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। পারিবাগের মেঘনা ফিলিং স্টেশন থেকে শাহবাগ মেট্রো স্টেশন পর্যন্ত গাড়ির লাইন দেখা যায়। সন্ধ্যাতেও একই অবস্থা ছিল এবং কাছের একটি পাম্পে জ্বালানি শেষ হয়ে যায়। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনেও জাহাঙ্গীর গেট ছাড়িয়ে দীর্ঘ সারি তৈরি হয়।