Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ অধ্যাপক ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

অধ্যাপক ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

9
0

Source : BBC NEWS

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ২০২৪ সালের ৮ই অগাস্ট শপথ নিয়েছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ছবির উৎস, Getty Images

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কী করবেন, সরকারি বাসবভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন, এমন অনেক প্রশ্নে চলছে নানা আলোচনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে গত ১৭ই ফেব্রুয়ারি। আর বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার।

চব্বিশের গণ-অভ্যুত্থানে পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তিনদিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন অধ্যাপক ইউনূস।

সেসময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সরকারি আবাসন পরিদপ্তর।

সাধারণত গণভবনই সরকার প্রধানের বাসভবন হয়ে থাকে। কিন্তু পাঁচই অগাস্ট শেখ হাসিনার পদেশ ছাড়ার খবরে গণভবনমুখী হাজারো ছাত্র-জনতা সেখানে হামলা ও ভাঙচুর চালায়।

বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বেছে নেয় সরকারি আবাসন পরিদপ্তর।

নতুন সরকার গঠিত হওয়ায় এখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ছাড়তে হবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনাই থাকছেন কিনা- এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, অধ্যাপক ইউনূস যমুনায় সরকারি বাসভবনেই আছেন।

তবে, অধ্যাপক ইউনূস এক সপ্তাহের মধ্যে সরকারি বাসভবন যমুনা ছেড়ে দেবেন বলে জানা গেছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ছবির উৎস, Getty Images

প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কোথায় এবং উঠছেন কোথায় অধ্যাপক ইউনূস?

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠার কথা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির পুলিশ কর্মকর্তা মীর আসাদুজ্জামান।

প্রধানমন্ত্রী ও যমুনার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পুলিশের রমনা বিভাগের।

রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, “এখানে ওঠার কথা। আমি যতটুকু জানি, এখানে সংস্কারের কাজ হবে। এটা হয়তো আনুমানিক মাস দুই লাগতে পারে উঠতে।”

এদিকে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন যমুনায় আছেন উল্লেখ করে তার ঘনিষ্ঠ একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, “এখন উনি যমুনায় আছেন এক সপ্তাহের জন্য। এই সপ্তাহের পরে মুভ করবেন উনি গুলশানের বাসায়।”

বৃহস্পতিবারও অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছেন।

গুলশানের নিজের বাসার “একটু রিনোভেশনের কাজ করার জন্য সপ্তাহখানেক ওখানে আছেন, শেষ করলেই ফিরবেন উনি” বলছিলেন ওই কর্মকর্তা।

এদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বিবিসি বাংলাকে জানান, “মাননীয় প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার ডিজায়ার অনুযায়ী কিছু সংস্কার লাগবেই। প্রধান উপদেষ্টা ওঠার আগে কিছু কাজ করা হয়েছিল। কিছু কাজ করা লাগবে। আমাদের প্রস্তুতি আছে।”

ঠিক কবে মি. ইউনূস যমুনা ছেড়ে যাবেন সেটি সুস্পষ্ট না জানলেও খুব শীঘ্রই ছেড়ে দেবেন বলে শুনেছেন তিনি।

নতুন প্রধানমন্ত্রীর জন্য তাহলে যমুনার সংস্কার কাজ কবে থেকে শুরু হবে বা কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, “আমরা টার্গেট করেছি যে, আমরা এটা ভ্যাকেন্ট পাওয়ার পর থেকে একমাসের মধ্যে রেডি করতে পারবো।”

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করছেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

ছবির উৎস, AFP

দেশেই কী থাকছেন সাবেক এই সরকারপ্রধান?

অধ্যাপক ইউনূস এখন দেশেই থাকছেন। মার্চের তৃতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানে জাপান গিয়ে আবার বাংলাদেশে ফিরে আসবেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকার সমই তার ই সফর নির্ধারিত হয়েছিল।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, “উনি (অধ্যাপক ইউনূস) ব্যক্তিগত কাজ করছেন এখন, যেটা করতেন আগে। তারপরে ইউনূস সেন্টারে অফিস শুরু করবেন। নেক্সট উইক থেকেই অফিস শুরু করবেন। যমুনায় বসেই ব্যক্তিগত কাজগুলা করছেন তিনি” বলেছিলেন ওই কর্মকর্তা।

কবে থেকে ইউনূস সেন্টারের কার্যালয়ে অফিস শুরু করবেন এমন প্রশ্নে এই কর্মকর্তা জানান, “নেক্সট উইকে ইউনূস সেন্টারে জয়েন করবেন। এরপরে ওনার থ্রি জিরো কনসেপ্ট নিয়ে রেগুলার বেসিসে কাজ করবেন।”

অধ্যাপক ইউনূসের এই থ্রি জিরো কনসেপ্ট হলো, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।

তবে অধ্যাপক ইউনূস প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি।

এদিকে, অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠএক ব্যক্তি জানান, বিশ্বের বিভিন্ন দেশের বেশ কিছু কনফারেন্সে যোগ দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের কাছে আমন্ত্রণপত্র জমা রয়েছে।

কেবল একটি কনফারেন্সে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বাকিগুলোতে অংশ নেবেন কি না, এখনো তা নিশ্চিত করেননি।

“আপাতত মার্চের তৃতীয় সপ্তাহে জাপান যাচ্ছেন। এর মধ্যে অন্য কোথাও যাচ্ছেন না। জাপানই ফার্ষ্ট ট্রিপ” উল্লেখ করেন মি. ইউনূসের ঘনিষ্ঠ এই ব্যক্তি।

জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে পাঁচ দিনব্যাপী ওই অনুষ্ঠানে অংশ নেবেন অধ্যাপক ইউনূস।

“ওই অনুষ্ঠানে লেকচার দেবেন, মিটিং করবেন ও বিভিন্ন কোলাবোরেশন নিয়ে কাজ করবেন তিনি। সেটা শেষ করে দেশেই ফেরার প্ল্যান আছে” জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ওই ব্যক্তি।