Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ ইরান চুক্তি না করলে ‘একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হবে’- ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান চুক্তি না করলে ‘একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হবে’- ট্রাম্পের হুঁশিয়ারি

19
0

Source : BBC NEWS

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে “আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।”

এ বিষয়ে বিবিসি’র নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাংক গার্ডনার বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন।

ফ্রাংক গার্ডনার লিখেছেন যে ইরান থেকে পুরো সভ্যতা মুছে দেওয়ার যে হুমকি দিয়েছেন ট্রাম্প, সেটি তার আগে দেওয়া হুমকিগুলোর চেয়েও বেশি হতবাক করে দিয়েছে, যেগুলোতে তিনি অ-রাষ্ট্রপতিসুলভ, কিছুটা অশোভন শব্দ ব্যবহার করেছিলেন।

“আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে” – ট্রাম্পের এমন বক্তব্য, তা ব্লাফ (ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ) হলেও তার এই হুমকি তাকে সেইসব লোকদের কাতারেই দাঁড় করিয়ে দিচ্ছে, যারা মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক সভ্যতার নিদর্শন ধ্বংস করতে চেয়েছে, বলছেন বিবিসি সংবাদদাতা।

গার্ডনার তার লেখায় কয়েকটি উদাহরণ তুলে ধরেন। যেমন, তালিবান ষষ্ঠ শতকের বামিয়ান বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল। আইসিস দ্বিতীয় শতকের প্রাচীন নগরী পালমিরার অংশগুলো ধ্বংস করেছিল।

“ডোনাল্ড ট্রাম্প কি ইতিহাসে সেই ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান, যিনি ইরানের প্রাচীন সভ্যতার অমূল্য নিদর্শন, যেমন – পারস্য সাম্রাজ্যের রাজধানী পার্সেপোলিসের ধ্বংসাবশেষ বা ইউনোস্কো’র বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ইরানের ‘ফ্রাইডে মস্ক অব ইসফাহান’-এর মতো স্থাপনা বোমা মেরে উড়িয়ে দিয়েছিলেন?” প্রশ্ন গার্ডনারের।

”রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নির্মম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর মাঝেও তিনি কিয়েভের গির্জাগুলোর সোনালি গম্বুজগুলো ধ্বংস করা থেকে বিরত থেকেছেন”, যোগ করেন তিনি।

তার মতে, “এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সেতু বা বিদ্যুৎকেন্দ্রের মতো অবকাঠামো বোঝাতে ‘সভ্যতা’ শব্দটিকে হালকাভাবেও ব্যবহার করে থাকেন, তাহলেও তার এই ধরনের হুমকি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে আইনজীবীরা বলছেন, এখানে কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ যদি এটা প্রমাণ করা যায় যে কোনো স্থাপনা আসলে সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে, তাহলে তা যুদ্ধাপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে না।”