Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ পত্রিকা: ‘ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম’

পত্রিকা: ‘ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম’

2
0

Source : BBC NEWS

পত্রিকা

২ ঘন্টা আগে

পড়ার সময়: 6 মিনিট

আজকের পত্রিকার প্রধান খবর- ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম। খবরে বলা হচ্ছে, দীর্ঘ ২০ বছর পর আগামীকাল মঙ্গলবার তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সময়ের প্রয়োজন বিবেচনায় রেখে নতুন মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, নতুন-পুরোনোদের সমন্বয়ে শুরুতে একটি ছোট পরিসরের মন্ত্রিসভা গঠন করা হবে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভূমিধস বিজয়ের পর তারেক রহমান-ই দেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন—এটি প্রায় নিশ্চিত।

এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পর তাঁর বড় ছেলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরই নতুন মন্ত্রিসভা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রাথমিকভাবে মন্ত্রিসভায় যাঁদের নাম আলোচনায় রয়েছে, তাঁদের মধ্যে আছেন—ফজলুর রহমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আন্দালিভ রহমান পার্থ, মাহদী আমিন, সাঈদ আল নোমান এবং ইশরাক হোসেন।

তবে চূড়ান্ত তালিকা শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আজকের পত্রিকা

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

তবে পুলিশ পুরোপুরি নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে থাকবে।

রোববার ক্যাস দরবারে বক্তব্যে তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নিউ এইজ

পর্যাপ্ত আমদানি ও উৎপাদন থাকার পরও রোজার আগমুহূর্তে ছোলা, ব্রয়লার মুরগি, লেবু ও ইফতারসামগ্রীর দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

দুই দিনের ব্যবধানে ছোলার কেজিতে ১০ টাকা ও ব্রয়লারের কেজিতে ২০ টাকা বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

ভোক্তারা বলছেন, রমজান যেন ব্যবসায়ীদের মুনাফার মাস। এ সময় ব্যবসায়ীরা কৃত্রিম সংকটসহ নানা অজুহাতে খাদ্যপণ্যের দাম বাড়ান।

নির্বাচনের অজুহাতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিও সক্রিয় নয়। এ সুযোগে ব্যবসায়ীরা নানা পণ্যের মজুত বাড়িয়ে ও কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কাটছেন।

তারা বলছেন, গুটিকয়েক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থকে বারবার উপেক্ষা করা হচ্ছে।

নতুন সরকারের কাছে ভোক্তাদের প্রত্যাশা রমজানে দাম সহনীয় রাখতে তারা কার্যকর উদ্যোগ নেবে।

সমকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।

একদিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২০০ পয়েন্ট বেড়ে গেছে। একইসঙ্গে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার কোটি টাকার উপরে।

পাশাপাশি পাঁচ মাস পর হাজার কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিলেছে।

এতে দীর্ঘদিন পর ছোট-বড় সব বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নতুন সরকার বাজারের দিকে নজর দেবে, বাজার ভালো হবে, এতদিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন- এমনটাই আশা করছেন তারা।

ডিএসইতে পৌনে একশ’ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) লেনদেন হয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উল্লম্ফন হয়েছে। বাজারটিতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ৫০০ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের দ্রুত নীতিগত দিকনির্দেশনার আশায় বিনিয়োগকারীরা কেনার দিকে ঝুঁকেছেন।

নির্বাচনের আগে টানা কয়েক মাস অনিশ্চয়তা, তারল্য সংকট ও আস্থাহীনতার কারণে বাজারে স্থবিরতা ছিল।

মানবজমিন

অ্যাডমিন বা প্রশাসন ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রধান ক্যাডার হিসেবে বিবেচনা করা হয়।

যার সদস্যরা সরকারের নীতিনির্ধারণ, মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে) এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করেন।

তারা মাঠপর্যায়ে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে সচিবালয়ে নীতিনির্ধারণী পদে কাজ করেন।

মাঠ প্রশাসনের একজন কর্মকর্তা ক্যারিয়ারের শুরু থেকেই দুটি ভিন্ন ভূমিকা পালন করেন- সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

তারা সরকার কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করেন। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ধারা ১০ অনুসারে একজন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সিনিয়র সহকারী কমিশনার (উপজেলা নির্বাহী অফিসার) এবং সহকারী কমিশনার হলেন মাঠ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বণিক বার্তা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।

বিএনপির নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে সাধারণ মানুষসহ সব মহলে কৌতূহল রয়েছে।

নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নানা তালিকা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

যদিও এসব তালিকার কোনোটিরই পুরোপুরি সত্যতা নেই বলে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।

দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬–২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন।

প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে। শেষ মুহূর্তে আরও এক বা দুজন যোগ হতে পারেন।

এর আগে ২০০১ সালে বিএনপির মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে দলের শীর্ষ নেতৃত্ব এবার মন্ত্রিসভা ছোট রাখার চিন্তা করছেন।

প্রথম আলো

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট ২১২টি আসনে বিজয়ী হয়ে ভোট পেয়েছে ৫১.০৭ শতাংশ। তাদের আসন ৭১.৩৮ শতাংশ। আর জামায়াত জোট ৭৭টি আসনে জয়ী হয়ে ভোট পেয়েছে ৩৮.৬২ শতাংশ।

তাদের আসন ২৫.৯২ শতাংশ। সাড়ে ১২ শতাংশ বেশি ভোট পেয়ে বিএনপি অধিক আসন পেয়েছে ৫৫ শতাংশ। ২৯৯ আসনে ভোট গ্রহণ হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট প্রকাশ করা হয়নি বলে ইসি থেকে জানিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে- এবারের নির্বাচনে দল ভিত্তিতে সবচেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২৯০ জন প্রার্থী দিয়ে প্রায় সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ পেয়েছে।

যা এককভাবে প্রায় অর্ধেক ভোটারের সমর্থন নির্দেশ করে। এই ফলাফল বিএনপিকে নির্বাচনের প্রধান নিয়ামক শক্তিতে পরিণত করেছে।

বিএনপি জোটের শরিক দলগুলোর মধ্যে জমিয়তে ওলামায়ে ইসলাম ০.৪৭ শতাংশ, গণ অধিকার পরিষদ ০.৩৩ শতাংশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ০.৪ শতাংশ ও নাগরিক ঐক্য ০.১ শতাংশ ভোট পেয়েছে।

নয়া দিগন্ত

রাষ্ট্রকাঠামোয় ক্ষমতায় ভারসাম্য আনতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটে রায় দিয়েছেন দেশের নাগরিকরা।

এ সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি দিক হলো আইনসভায় একটি উচ্চকক্ষ গঠন।

উচ্চকক্ষ গঠনের প্রশ্নে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও তুলনামূলকভাবে ভালো ফল পেয়েছেন, এমন অধিকাংশ দলের মধ্যে তেমন মতভেদ নেই।

তবে এই উচ্চকক্ষ গঠন কীভাবে হবে, সে বিষয়ে প্রধান দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে।

দেশ রূপান্তর

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের সভাকক্ষে শপথ গ্রহণ করবেন। আর সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদ সদস্যদের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে অন্তর্বর্তী সরকার এই শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজয়ী দল বিএনপির ইচ্ছা প্রকাশকে গুরুত্ব দিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের বিদায়ি আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল রবিবার বলেছেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।

বিএনপি থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ১১টা বা দুপুর ১২টার দিকে সেখানে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।

কালের কণ্ঠ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। এসব আসনের ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ ভোটের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দখলে রয়েছে প্রায় অর্ধেক ভোট। দলটি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় মোট ৫০টি দল। তবে কার্যক্রম স্থগিত করায় নির্বাচনে ছিল না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোটগ্রহণ করে ইসি।

শেরপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনের নির্বাচন বাতিল করছে নির্বাচন কমিশন। পরবর্তীতে এই আসনের শিডিউল আবার ঘোষণা করা হবে বলেও জানায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত থাকায় ২৯৭টি আসনের ফল ঘোষণা করে ইসি। তবে ওই দুটো আসনে ভোটে বিএনপির প্রার্থী বিজয়ী হয়।

ইত্তেফাক