Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ যে রকম হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

যে রকম হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

8
0

Source : BBC NEWS

শুরু হয়েছে ভোট গণনা

৪ ঘন্টা আগে

পড়ার সময়: 5 মিনিট

দেশের কিছু নির্বাচনী এলাকায় প্রার্থীদের নানা অভিযোগ আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে, “এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল”।

ভোটগ্রহণ শেষে রাজনৈতিক মহলে বড় আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের হার কেমন হলো। এ নিয়ে নানা আলোচনার মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা দুইটা পর্যন্ত দেশের ৩৬ হাজারের বেশি কিছু কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

ভোট শেষ হওয়ার আধঘণ্টা আগে জামায়াতে ইসলামী বলেছে, দেশবাসী ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে।

তবে একই সাথে দলটি বলেছে, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা, নারীদের হেনস্তা করার চেষ্টা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে।

এর আগে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন যে, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

বেলা সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষের পর এখন ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে সকাল সাড়ে সাতটায় সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছিল।

বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ছয় লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রাখায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। অন্যদলগুলোর অংশগ্রহণে ২৯৯টি সংসদীয় আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুরের একটি আসনে আজ ভোট হচ্ছে না।

মিরপুর কলেজ কেন্দ্রে ভোট গণনার কার্যক্রম

অভিযোগ, ককটেল বিস্ফোরণ, বিচ্ছিন্ন ঘটনা

জামায়াত জোটে থাকা এনসিপি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো অভিযোগ তুলেছে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ভোট রিগিং বা ভোট জালিয়াতি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ কয়েকটি আসনের বেশ কিছু ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি এ তিনটি আসনের ভোট স্থগিতের দাবি জানিয়েছে।

মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ ও কুমিল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও তাতে ভোট বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর বাইরে অসুস্থতাজনিত কারণে কয়েকটি জেলায় এক পোলিং কর্মকর্তাসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

ঢাকার আলোচিত আসনগুলোর একটি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

জামায়াত অভিযোগ করেছে যে, কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা -১৫ আসনে মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান।

ওদিকে ফরিদপুরে টাকা দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে একজন পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক।

কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়নের একটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট গণনা করতে দেখা যাচ্ছে

খুলনায় ভোটকেন্দ্রের বাইরে জামায়াত কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির মধ্যে একজন বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, জামায়াত কর্মীদের ধাক্কায় ওই ঘটনা ঘটেছে।

এছাড়া মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর তার মৃত্যু হয়।

চট্টগ্রামের কাজীর দেউর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে।

ওদিকে চরমোনাই পীরের দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম হওয়ার অভিযোগ তুলেছে।

সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় দলটি বলেছে, কোনো কোনো কেন্দ্রে ভোট আগেই হয়ে যাওয়া এবং কেন্দ্র থেকে তাদের দলীয় প্রতীক হাতপাখা মার্কার লোকজনকে বের করে দেওয়ার অভিযোগ করেছে।

দলটির অভিযোগ, ভোলা ও নরসিংদীতে তাদের লোকজন হামলার শিকার হয়েছেন, আর ঝালকাঠিতে একটি ইউনিয়নের কোনো কেন্দ্রে তাদের এজেন্টদের থাকতে না দেওয়ার অভিযোগ করেছে দলটি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের একটি কেন্দ্রে বেলা ১২টার দিকে একের পর এক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে ভোটাররা ছোটাছুটি শুরু করে। তবে পরে বিজিবি ও সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষের মার্কায় সিল মারার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বেলা তিনটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগ করেন।

ময়মনসিংহ–১১ আসনের একটি ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন সহকারী রিটার্নিং অফিসার।

যশোর সদর আসনের পৌর এলাকার একটি কেন্দ্রে ভোট দেওয়ার সিল চুরি ও দীর্ঘক্ষণ ব্যালট না থাকার ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরির খবর পাওয়া গেছে।

পাঁচটি ব্যালট বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন চারজন

নির্বাচন শেষে প্রধান উপদেষ্টা যা বললেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে তিনি একথা বলেছেন।

তিনি বলেন, “এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ‍্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিলো। এই ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে”।

জয় ও সরকার গঠনের আশা এবং ভোটকেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান

ভোটগ্রহণ শেষে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে সকালেই গুলশানের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে জয়লাভের আশা প্রকাশ করেছিলেন।

বিকেল ৪টা ৪০ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পাতায় বলা হয়েছে, “সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে”।

অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সকাল সাড়ে আটটায় ঢাকার মিরপুরের মনিপুরে তার কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

আর জামায়াতের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টে জামায়াতের আমিরের বরাত দিয়ে লেখা হয়েছে, “পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না”।