Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ পত্রিকা: ‘সাহাবুদ্দিনকে আরো এক বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি!’

পত্রিকা: ‘সাহাবুদ্দিনকে আরো এক বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি!’

14
0

Source : BBC NEWS

পত্রিকা

এক ঘন্টা আগে

পড়ার সময়: ৭ মিনিট

খবরে বলা হচ্ছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অন্তত আরো এক বছর এই পদে বহাল রাখতে চায় বিএনপি। দলের একাধিক নেতার কাছ থেকে এমনই মনোভাব পাওয়া গেছে।

কারণ হিসেবে তারা বলছেন, এখনই তাকে পদচ্যুত করে নিজেদের কোনো লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ সমান হবে। তাই আগামী সংসদ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পদে নিজেদের লোক থাকবে না।

সাহাবুদ্দিনকে এক বছর পর সরিয়ে নিজেদের লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ শেষ হলেও রাষ্ট্রপতি নিজের পদে বহাল থাকবেন।

তারা আরো বলছেন, যেহেতু আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাই রাষ্ট্রপতি নিজেদের লোক হলে নির্বাচনসহ প্রশাসনে একটু হলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে।

তা ছাড়া বিএনপির ৩১ দফা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা অনেকখানি বাড়ানোর কথা। ফলে তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ প্রয়োগ করা রাষ্ট্রপতির পক্ষে আরেকটু সহজ হতে পারে।

নয়াদিগন্ত

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের তেলের সংকটও দীর্ঘ হবে। তাই সরকার রাশিয়া থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিধিনিষেধ না থাকলে বাংলাদেশ এই তেল কিনতে চায় রাশিয়া থেকে। এজন্য ইতোমধ্যে জ্বালানি বিভাগ ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম বলেন, সরকার বিভিন্ন উৎসের সন্ধানে আছে। রাশিয়াও তার একটি।

রাশিয়ার তেল তুলনামূলক সস্তা। এ কারণে সরকার তাদের পরিশোধিত তেল কিনতে আগ্রহী। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

এদিকে বাংলাদেশমুখী দুটি তেলবাহী জাহাজ ছেড়ে দিতে ইন্দোনেশিয়া সরকারকে অনুরোধ করবে সরকার।

ওই সরকারের বিধিনিষেধের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বিএসপির দুটি জাহাজ দেশে আসতে পারছে না।

যুগান্তর

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘Shady pilot licences expose Biman to risk’.

খবরে বলা হচ্ছে, পাইলটদের ভুয়া লাইসেন্স প্রদানের বিষয়টি রাষ্ট্রীয় বিমান সংস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

এক তদন্ত প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দীর্ঘদিনের অনিয়ম সামনে এসেছে।

দেখা গেছে, ভুয়া ফ্লাইট রেকর্ড ও নিরাপত্তা প্রটোকলের প্রতি অবজ্ঞা বছরের পর বছর ধরে চলেছ। যাত্রীদের জীবনের দায়িত্বে নিযুক্ত পাইলটেরা জবাবদিহিতা ছাড়াই সেখানে কাজ করছেন।

বিমানের ওই তদন্তে দায়মুক্তি এবং পদ্ধতিগত লাইসেন্স জালিয়াতির একটি সংস্কৃতি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, সিনিয়র ক্যাপ্টেনরা ভুয়া ফ্লাইট রেকর্ডের মাধ্যমে ক্যারিয়ারে উন্নতি অর্জন করেছেন।

এই জবাবদিহিতার অভাব আরও আছে বলে মনে হচ্ছে। প্রায়ই ভয়াবহ পরিচালনাগত ত্রুটি বা যৌন হয়রানির ঘটনা প্রমাণিত হওয়া সত্ত্বেও পাইলটরা নিজ দায়িত্বে বহাল থেকে গেছেন।

চলতি বছরের শুরুর দিকে এসব ঘটনা সামনে আসে।

সেসময় জাল ফ্লাইং লাইসেন্সের অভিযোগে পাঁচজন পাইলটের বিরুদ্ধে তদন্তের জন্য ২৮শে জানুয়ারী একটি কমিটি গঠন করে বাংলাদেশ বিমান। তেসরা ফেব্রুয়ারি কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

 দ্য ডেইলি স্টার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সাহায্য চেয়েছিলেন তিনি।

তবে এই জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা যুদ্ধে জড়াতে চায় না।

জোটের অন্য দেশগুলো এখনো নীরব। যুদ্ধকে না বলছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও।

এমন সময় এ ঘটনা ঘটছে, যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোয় তেলের স্থাপনার পাশাপাশি শিল্প এলাকায় পাল্টা হামলা শুরু করেছে ইরান।

এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০৫ ডলারে গিয়ে ঠেকেছে।

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলা শুরুর কয়েক ঘণ্টা পরই জবাব দেওয়া শুরু করে ইরান।

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা শুরু করে তারা। যুদ্ধ পরিস্থিতি জটিল হয় ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করায়।

আজকের পত্রিকা

‘ঈদযাত্রায় কঠিন চ্যালেঞ্জ’ কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, এবারের ঈদযাত্রার চ্যালেঞ্জটা কঠিন বলেই মনে হচ্ছে; যদিও নতুন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যাত্রীদের।

এই পরিস্থিতিতে কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদনে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, দেশে ভাঙাচোরা মহাসড়ক সবচেয়ে বেশি রাজশাহী অঞ্চলে—২২৯ কিলোমিটার, রংপুরে ১৯৪ কিলোমিটার, চট্টগ্রামে ১৮৬, কুমিল্লায় ১৬৭, ময়মনসিংহে ১৫০, সিলেটে ১৪৮, ঢাকায় ১৪৩, বরিশালে ১১৯ ও খুলনায় ৬৮ কিলোমিটার।

বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে, ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। অথচ ঈদের সময় প্রতিদিন কয়েক লাখ মানুষ রাজধানী ছাড়ে।

ফলে চাহিদা ও সরবরাহের এই বিশাল ব্যবধানের কারণে শুরু থেকেই চাপ তৈরি হয় রেলব্যবস্থার ওপর।

এদিকে লঞ্চ মালিকরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে। তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

১৭ মার্চ থেকে নৌপথে শুরু হবে ঈদযাত্রা; সদরঘাট থেকে ৩৩টি রুটে লঞ্চ চলাচল করলেও, ঈদের মৌসুমে আরো পাঁচটি নতুন রুট যোগ হয়েছে।

কালের কণ্ঠ

খবরে বলা হচ্ছে, গ্যাসের স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও ব্যয়বহুল এলএনজি আমদানি কমাতে স্থলভাগ ও সাগরের ব্লকগুলোতে দ্রুত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে চায় সরকার। মোট ৪৭টি ব্লকে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিষয়টিতে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, তেল-গ্যাস অনুসন্ধানে সংশোধিত উৎপাদন-বণ্টন কাঠামোর (পিএসসি) আওতায় দেশের স্থলভাগে ২১টি ব্লক এবং অফশোরে (সাগরে) ২৬টি ব্লকে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) অনুসন্ধানের জন্য দরপত্র আহবান করা হবে।

এ উদ্দেশ্যে পেট্রোবাংলা তাদের প্রস্তুতি এগিয়ে নিয়েছে।

সরকারের কাছ থেকে অনুমতি পেলে সাগরে ও স্থলভাগে দ্রুতই আন্তর্জাতিক দরপত্রে যেতে চায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা

‘নানা শঙ্কায় দুবাই প্রবাসীরা’ মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, একদিকে পড়ছে ক্ষেপণাস্ত্র। হচ্ছে ড্রোন হামলা। বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা এলাকা। এই ভয়ার্ত পরিবেশেই দুবাইয়ে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা।

কর্মক্ষেত্রে মৃত্যু তাড়া করছে তাদের। কখন কোথায় মিসাইল-ড্রোন পড়বে কেউ জানেন না।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রবাসীসহ স্থানীয়দের মধ্যে।

দুবাই বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আগুন লাগায় ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। অন্যদিকে আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকে আমিরাতে এ পর্যন্ত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিরা মানবজমিনকে জানিয়েছেন, দুবাইয়ে সবকিছু স্বাভাবিক থাকলেও আতঙ্ক বড় বিষয় হয়ে জনজীবনে প্রভাব ফেলছে।

মানবজমিন

আগামী বছর (২০২৭ শিক্ষাবর্ষ) থেকে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তবে সরকারের এ সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তারা বলছেন, এ প্রক্রিয়া শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি নিয়ে ফের বাণিজ্য ফিরে আসার আশঙ্কা রয়েছে।

এ প্রক্রিয়ায় পরীক্ষা পদ্ধতিতেও অনিয়ম ঠেকানোর সুযোগ কম।

এ ছাড়া সারাদেশের ২০ হাজার স্কুল-কলেজে ভর্তি পরীক্ষা নজরদারি করার মতো জনবলও সরকারের নেই।

পৃথিবীর বেশির ভাগ দেশে প্রথম শ্রেণিতে স্কুলে ভর্তি হতে কোনো পরীক্ষা শিশুদের দিতে হয় না।

সমকাল

‘একসঙ্গে ৫৪ জেলায় খাল খনন শুরু’ প্রথম আলোর শিরোনাম। খবরে বলা হচ্ছে, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর অন্য দেশগুলো সুন্দর।

জিন-ভূত নয়; মানুষই সেই সব দেশ সুন্দর করেছে। এ দেশের মানুষ একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, ২০২৪-এর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় করেছে।

এই দেশের মানুষই সুন্দর আগামী গড়ে তুলবে, প্রয়োজন শুধু পরিকল্পনা। যারা মিষ্টি মিষ্টি কথা বলে দেশে বিশৃঙ্খলা করতে চায়, তাদের থেকে সজলা থাকতে হবে।

সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর গ্রামে সাহাপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন কোদাল দিয়ে মাটি কেটে প্রধানমন্ত্রী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন।

প্রধানমন্ত্রীর সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে গতকাল থেকে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু হলো।

প্রথম পর্যায়ে দেশের ৫৪ জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে।

প্রথম আলো

আজ ১৭মার্চ সরকারের এক মাস পূর্ণ হয়েছে।

গত এক মাসে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি বলেছেন, ‘ভোটের কালি এখনো মুছে যায়নি। এরই মধ্যে বিএনপি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় সরকার নির্বাচন যত দ্রুত সম্ভব করবে বিএনপি।

আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার।

দেশ রূপান্তর

খবরে বলা হচ্ছে, সরকার রেশনিং তুলে নেওয়ার একদিন পরও সারা দেশের গ্রাহকেরা এখনও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের ঘাটতিতে ভুগছেন।

ফিলিং স্টেশন অপারেটররা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ সংস্থাগুলোকে অপারেটরদের চাহিদার চেয়ে কম সরবরাহের জন্য দোষারোপ করেছেন।

তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে গত নয় দিন ধরে জ্বালানি তেল রেশনিং অব্যাহত রাখার পর রোববার সরকার জ্বালানি তেল রেশনিং বন্ধ করে দিলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের আওতাধীন ফতুল্লার ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন যে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে তারা জ্বালানি তেল সরবরাহ করে আসছে।

কর্মকর্তারা বলেন, নির্দেশিকায় উল্লেখিত একটি শর্ত হলো মজুদের পরিধি সীমিত করা।

ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা সোমবার ১৫ লাখ লিটার ডিজেল সরবরাহ করেছেন, যেখানে রোববার এই পরিমাণ ছিল ১২ লাখ লিটার।

গত বছরের মার্চ মাসে ডিজেলের গড় দৈনিক চাহিদা ছিল প্রায় ১২ লাখ লিটার।