Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ পত্রিকা: ‘ছয় মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী’

পত্রিকা: ‘ছয় মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী’

2
0

Source : BBC NEWS

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা

এক ঘন্টা আগে

পড়ার সময়: 7 মিনিট

এই খবরে বলা হয়েছে, আগামী ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল বুধবার বেলা ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

নয়া প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান। সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর কর্ম, পরিকল্পনা, সততা, কাজের গতি সরাসরি তিনি তদারকি করবেন বলেও সবাইকে জানিয়ে দেওয়া হয়।

সমকাল

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— New govt faces 5 early economic tests; প্রথম বছরেই নয়া সরকার পাঁচ অর্থনৈতিক পরীক্ষার মুখোমুখি।

খবরটিতে বলা হয়েছে, আর্থিক সংস্কার, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ঋণদাতাদের সাথে আলোচনা— এ ধরনের দীর্ঘ অগ্রাধিকার তালিকা সম্ভবত তার হাতে চলে এসেছে।

তবে, তিনি আশা করুন বা না করুন, তার সবচেয়ে তাৎক্ষণিক এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি কমানো।

নতুন সরকারের প্রাথমিক সাফল্য বিচার করা হবে একটি সহজ পরিমাপের মাধ্যমে, সেটি হচ্ছে লাখ লাখ পরিবারের জন্য খাদ্যের দাম কমানো।

উত্তরাধিকারসূত্রে নয়া সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর মধ্যে পরবর্তী কিস্তির ঋণ ছাড়ের বিষয়ে আগামী মাসে ঢাকায় আসতে পারে আইএমএফের একটি দল।

তারা আর্থিক শৃঙ্খলা, কঠোরতা এবং সংস্কার বিষয়ে অগ্রগতিই জানতে চাইবে। তাদের কাছ থেকে অর্থ পাওয়া মানে সেটি কেবল সংস্থাটির মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়, অন্যান্য ঋণদাতা সংস্থাও আস্থা পাবে বাংলাদেশের প্রতি।

সরকারকে রাজস্ব খাতের দিকেও মনোযোগ দিতে হবে যথেষ্ট। সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়াতে কমিশন যে সুপারিশ করেছে, তা বাস্তবায়ন করলে বাজেটের ওপর বড় প্রভাব ফেলবে উপর বড় আকারের।

সরকারি ঋণের গতিও ঊর্ধ্বমুখী, যা পঁচিশের সেপ্টেম্বর নাগাদ ২১.৫ ট্রিলিয়ন টাকায় পৌঁছে।

এছাড়া, আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের বের হয়ে আসার সময়সীমা নির্ধারণ করা আছে যা প্রভাব ফেলবে রপ্তানিতে।

এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করার বিষয়ে দাবি থাকলেও এ নিয়ে সময় খুবই কম পাচ্ছে নতুন সরকার।

দ্য ডেইলি স্টার

নিউ এইজের প্রথম পাতার একটি খবর— EC prepares for local government polls; অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি।

এই খবরে বলা হয়েছে, সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথম ধাপে ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

এই তিন সিটি করপোরেশনের নির্বাচন দেওয়ার বিষয়ে বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদের শেষ দিকে ইসিকে চিঠি-ও দেয়।

নিয়ম অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

কমিশনের পরবর্তী সভায় এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য বিষয়টি উত্থাপন করা হতে পারে।

এদিকে, নতুন সরকারের প্রথম কর্মদিবসে গতকাল বুধবার স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার কাঠামোর নির্বাচন যত দ্রুত সম্ভব, আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

নিউ এইজ

এই খবরে বলা হচ্ছে, রমজান উপলক্ষ্যে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার। এগুলো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ , আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

গতকাল বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব অগ্রাধিকার নির্ধারণ করা হয়।

মানুষের জীবনমান উন্নয়নে নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনাও নেবে সরকার। এ লক্ষ্যে সব মন্ত্রণালয়ের কাছে পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সবার আগে কীভাবে ফ্যামিলি কার্ড মানুষের হাতে তুলে দেওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে সচিবদের নিৰ্দেশনা দেন।

আজকের পত্রিকা

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসানও পিছু ছাড়েনি।

এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে।

এদিকে, চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে।

আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ।

সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) বকেয়ার অন্তত ৬০ শতাংশ যদি রোজার আগে পরিশোধ করা না হয়, তবে তাদের পক্ষে পাওয়ার প্লান্ট পরিচালনা করা কঠিন হবে— এমনটি জানিয়ে গতকাল বুধবার সচিবালয়ে উপস্থিত এক সংবাদকর্মী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মন্তব্য জানতে চান।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিপ্পা যদি এমনটা বলে থাকে, তবে তা নতুন সরকারকে ব্ল্যাকমেইলের শামিল হবে।

বণিক বার্তা

এতে বলা হচ্ছে, ইফতার ও সাহরির সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্রের দাম বেশ চাঙা। এজন্য কেউ নির্বাচন পরবর্তী সরবরাহে বিঘ্ন, কেউ আবার পরিবহন খরচ বেড়ে যাওয়াকে অজুহাত দেখাচ্ছেন।

এর মধ্যে রোজায় বেশ কিছু দরকারি পণ্য বিশেষ করে লেবু, বেগুন, শসা, পেঁয়াজ, খেজুর, মুরগি, মাংস ও ফলের দাম লাগামহীন বেড়েছে।

ঢাকার বাজারে যেমন আকারভেদে লেবু প্রতি হালি ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১৬০ টাকাও চাওয়া হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, অতি মুনাফালোভী একটি চক্র এর পেছনে সক্রিয়। বাজার তদারকি জোরদার না হলে এই প্রবণতা রোধ করা কঠিন।

কালের কণ্ঠ

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি–নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।

দলীয় বা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি অথবা জোরজবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার-অনিয়মের সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধপরিকর বলেও ভাষণে উল্লেখ করেন তারেক রহমান।

তারেক রহমান আরও বলেন, ‘সরকারপ্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান।’

প্রথম আলো

এই খবরে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে প্রবীণ দুই নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খান এখনো সরকারের বাইরে আছেন। তারা ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ দুই নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে।

আলোচনা ছড়িয়ে পড়েছে, খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি এবং ড. মঈন খানকে সংসদের স্পিকার নির্বাচিত করা হতে পারে।

এমনকি এই দুই নেতাকে আগাম শুভেচ্ছাও জানাচ্ছেন অনেকে।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করতে পারেন।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত।

তবে গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি সরে যেতে চান।

যুগান্তর

এই খবরে বলা হয়েছে, ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির ও উন্নতি করতে পুলিশকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক করা, তাদের ভালো কাজের মূল্যায়ন করা, অহেতুক কাউকে হয়রানি না করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে নতুন সরকার।

পুলিশের কোনো কর্মকর্তার বা সদস্যের ভালো স্থানে বা লোভনীয় পদে নিয়োগের তদবির করা হলে তা বাতিল করে দিতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

ওই সূত্রটি জানিয়েছে, আগামী সপ্তাহেই পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার ও র‍্যাব মহাপরিচালক নিয়োগ করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন অন্তত ১৫ জন পুলিশ কর্তা। পুলিশপ্রধান ও ডিএমপি কমিশনার হিসেবে বিসিএসের ১৫তম ও ১৭তম ব্যাচের দুই কর্মকর্তাকে বেছে নেওয়া হচ্ছে।

তাছাড়া বেশ কয়েকজন কর্মকর্তার নাম পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন, যারা যোগ্য, তেলবাজ নয় ও দুর্নীতিমুক্ত এবং পেশাদার তাদের যোগ্য স্থানেই নিয়োগ করার।

তারেক রহমান চান, তোমাষোদকারীরা যেন ভালো স্থানে না থাকে।

দেশ রূপান্তর