Source : BBC NEWS

মোজতবা খামেনি যেভাবে সর্বোচ্চ
নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং যেহেতু তিনি আহত হয়েছেন তাই তার
স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ।
সাইপ্রাসে নিযুক্ত ইরানের
রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান নিকোসিয়ায় ইরানি দূতাবাসে ব্রিটিশ পত্রিকা ‘দ্য
গার্ডিয়ান’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি শুনেছি তিনি পা, হাত এবং বাহুতে আঘাত পেয়েছেন… আমার মনে হয় আহত
অবস্থায় হাসপাতালে আছেন তিনি।”
মোজতবা খামেনি নির্বাচিত
হওয়ার খবরের পর, ইরানের রাষ্ট্রীয়
টেলিভিশন জানিয়েছিল, তিনি আহত হয়েছেন, কিন্তু এ বিষয়ে
বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মি. সালারিয়ানের মতে, মোজতবা খামেনি সেই একই হামলায় আহত হয়েছেন
যাতে তার বাবা এবং পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
নেতা হিসেবে মোজতবা খামেনির
নাম ঘোষণার পর থেকে তার পক্ষ থেকে কোনো বার্তা প্রকাশিত হয়নি এবং জনসমক্ষে উপস্থিত
হননি বা কোনো ভাষণও দেননি তিনি।
গার্ডিয়ানের প্রশ্নের
জবাবে মি. সালারিয়ান বলেন, “আমি মনে
করি না যে কোনো অবস্থাতেই তিনি এখন ভাষণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।”
ইসরায়েলি ও মার্কিন
হামলার প্রথম দিনগুলোতে নিহত ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের দাফন সম্পন্ন হয়েছে আজ, কিন্তু মোজতবা খামেনি সেই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন না।
সাইপ্রাসে নিযুক্ত ইরানের
রাষ্ট্রদূত গার্ডিয়ানকে আরও বলেন, আয়াতুল্লাহ খামেনি “চাননি” তার ছেলে তার স্থলাভিষিক্ত হোক।
“সিনিয়র কর্মকর্তারা তাকে
অনুরোধ করেছিলেন, কিন্তু
প্রয়াত নেতা না বলেছিলেন কারণ তিনি রাজবংশীয় ব্যবস্থা চাননি। তিনি (মোজতবা)
নির্বাচিত হয়েছেন। (হামলার পর) সিনিয়র কর্মকর্তারা তাকে বলেছিলেন, এটা এখন আপনার
দায়িত্ব এবং আপনাকে অবশ্যই তা পালন করতে হবে।”
মি. সালারিয়ান জানান, মোজতবা খামেনি নিজের জীবন নিয়ে চিন্তিত কি
না তা তিনি জানেন না। তবে তিনি জানেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আয়াতুল্লাহ আলী খামেনি
নিহত হওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, তিনি “তার স্ত্রী, কন্যা, জামাতা
এবং ১৪ মাস বয়সী নাতনির সাথে” নিহত হয়েছেন।
“তারা প্রেসিডেন্ট
প্রাসাদের কাছে তাদের বাড়িতে ছিলেন। ঊর্ধ্বতন কমান্ডারদেরও সেখানে আমন্ত্রণ জানানো
হয়েছিল। প্রয়াত নেতা এবং তার চার ছেলে ও দুই মেয়ে সেখানেই কাজ করতেন এবং
থাকতেন” বলেন তিনি।



