Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

13
0

Source : BBC NEWS

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার পর ধোঁয়া উড়ছে

ছবির উৎস, Getty Images

৫ ঘন্টা আগে

পড়ার সময়: ৪ মিনিট

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটেই উপসাগরীয় অঞ্চলে আরও সেনা ও যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে, একটি ক্ষেপণাস্ত্র দূতাবাস ভবনে আঘাত করেছে, যদিও সংবাদ সংস্থা এএফপি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ড্রোন হামলার ফলে এই ক্ষয়ক্ষতি হয়েছে।

এমন প্রেক্ষাপটে ইরান যুদ্ধ ঘিরে উপসাগরীয় অঞ্চলে আরও মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির এই সিদ্ধান্তকে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলের উপর হামলার তীব্রতা আরও বাড়ানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর।

আর লেবাননের বিভিন্ন এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

আইডিএফ জানিয়েছে যে, শনিবার দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর একটি অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের ওপর নতুন করে হামলা চালানোর খবর জানিয়েছে ইরানও।

এদিকে, গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ হামলার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোরের সাথে যুক্ত ফার্স নিউজ এজেন্সি।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে, মার্কিন হামলার সময় দ্বীপটিতে ১৫টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

এসময় দ্বীপটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ ঘাঁটি, বিমানবন্দর নিয়ন্ত্রণ টাওয়ার এবং একটি হেলিকপ্টার হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে, সেখানকার তেল অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি।

শনিবার সকালে বাগদাদে মার্কিন দূতাবাসের ছবি

ছবির উৎস, Getty Images

মার্কিন দূতাবাস হামলা

ইরাকি রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস ভবনে শুক্রবার হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে। যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া হামলার ধরন এবং কারা এই হামলার সঙ্গে জড়িত সেটিও পুরোপুরে নিশ্চিত নয়।

বার্তা সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে, একটি ক্ষেপণাস্ত্র দূতাবাসে আঘাত করেছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাস ভবনে একটি রকেট আঘাত হানে, যার ফলে সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয়নি।

অন্যদিকে সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র দাবি, ড্রোন হামলার ফলেই দূতাবাস ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এএফপি বলছে, ইরাকের রাজধানী বাগদাদে একটি হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই সেখানকার মার্কিন দূতাবাসে এই হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যে আরও মেরিন সেনা ও যুদ্ধ জাহাজ পাঠাবে যুক্তরাষ্ট্র

ছবির উৎস, Getty Images

আরও মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে যাচ্ছে

ইরান যুদ্ধ ঘিরে উপসাগরীয় অঞ্চলে আরও মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দুই মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন যে, উপসাগরীয় অঞ্চলে আরও মার্কিন সেনা এবং যুদ্ধ জাহাজ পাঠানোর খবরটি মার্কিন গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রকাশ হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে ইউএসএস ত্রিপোলি নামের একটি উভচর আক্রমণকারী জাহাজ উপসাগরীয় অঞ্চলে পাঠানো হচ্ছে। ত্রিপোলির সাথে আর কোন জাহাজ যাবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়।

অবশ্য যুদ্ধ জাহাজ ত্রিপোলি উভচর এআরজি ল্যান্ডিং ক্রাফট বহনে সক্ষম, পাশাপাশি বিপুল সংখ্যক হেলিকপ্টারও অন্তর্ভুক্ত থাকে জাহাজটিতে।

এছাড়া ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে কয়েকটি যুদ্ধ জাহাজের এই ইউনিটে প্রায় পাঁচ হাজার নাবিক এবং মেরিন সৈন্য রয়েছেন।

নতুন করে জাহাজ ও সেনা মোতায়েনের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র যে ওই অঞ্চলে আরও বিস্তৃত বিকল্প নিয়ে ভাবছে সেটি নিশ্চিত বলেই মনে করেন বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস।

তার মতে, এর সিদ্ধান্তের মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষা এবং যুদ্ধের ময়দানে বাড়তি সক্ষমতা অর্জনের মতো বিষয়গুলোও থাকতে পারে।

 দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে

ছবির উৎস, EPA

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত

যুদ্ধের পনেরতম দিনেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল।

পশ্চিম ইরানের তাবরিজ শহরের একটি শিল্প এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

“আগামী কয়েক ঘণ্টার মধ্যে” ওই এলাকায় হামলা চালানোর সতর্কতা জারি করেছে আইডিএফ। জনগণকে সতর্ক করে, অবিলম্বে এলাকাটি খালি করার আহ্বান জানিয়েছে তারা।

এছাড়া দক্ষিণ লেবাননের একটি অস্ত্র ভাণ্ডারে হামলা চালানোর খবর জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

আইডিএফ দাবি করেছে যে, তারা শুক্রবার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সদস্যদের আল-মাজাদেল এলাকার স্থাপনায় রকেট বহন করতে দেখেছে।

যার কয়েক মিনিট পরই ইসরায়েলি বিমান বাহিনী গুদামটিতে হামলা চালিয়ে হেজবুল্লাহ সদস্যদের “নির্মূল” করে বলে সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ৭৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর ইসরায়েলের বিরুদ্ধে ৪৮তম আক্রমণ শুরু করেছে।

লেবাননে হেজবুল্লাহর সাথে যৌথভাবে এই আক্রমণগুলো চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।